বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট, যেমন চ্যাঁট জিপিটি, অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ই-মেইল লেখা, তথ্য খোঁজা, পড়াশোনায় সহায়তা—এমনকি ব্যক্তিগত আলাপেও এগুলো ব্যবহৃত হচ্ছে। মানুষের মতো স্বাভাবিকভাবে উত্তর দেওয়ার ক্ষমতার কারণে অনেকেই চ্যাটবটকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে দেখতে শুরু করেছেন।
কিন্তু এখানেই রয়েছে এক বড় ভুল বোঝাবুঝি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই আরামদায়ক অভিজ্ঞতার আড়ালেই লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ ঝুঁকি। কারণ, চ্যাটবটে আপনি যা লিখছেন, তা সবসময় পুরোপুরি ব্যক্তিগত বা গোপন থাকে—এমন নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে এসব তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ বা ভবিষ্যতে ব্যবহারের সম্ভাবনা থাকে। তাই সচেতন না হলে নিজের অজান্তেই আপনি ঝুঁকির মুখে পড়ে যেতে পারেন।
সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হলো ব্যক্তিগত তথ্য। নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেইল আলাদা আলাদা তথ্য মনে হলেও একত্র করলে সহজেই একজন মানুষকে শনাক্ত করা সম্ভব। এর মাধ্যমে প্রতারণা বা অনলাইন ট্র্যাকিংয়ের ঝুঁকি তৈরি হয়। একইভাবে অনেকেই একাকিত্বে নিজের ব্যক্তিগত অনুভূতি বা গোপন কথা চ্যাটবটের সঙ্গে শেয়ার করেন, কিন্তু এটি কোনো মানুষের মতো নিরাপদ শ্রোতা নয়। আপনি যা বলছেন, তা ভবিষ্যতে অন্যভাবে ব্যবহৃত হতে পারে।
কর্মক্ষেত্রের তথ্য শেয়ার করাও সমান ঝুঁকিপূর্ণ। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই কর্মীদের সতর্ক করেছে, যেন তারা কোনো গোপন নথি বা ব্যবসায়িক কৌশল চ্যাটবটে না দেয়। কারণ, এই তথ্য ফাঁস হলে শুধু ব্যক্তিগত নয়, পুরো প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে।
আর্থিক তথ্যের ক্ষেত্রেও একই সতর্কতা প্রযোজ্য। ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর বা অন্য কোনো আর্থিক তথ্য শেয়ার করা মানে নিজের অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা। একইভাবে স্বাস্থ্যসংক্রান্ত তথ্যও সংবেদনশীল—চ্যাটবট কখনোই একজন চিকিৎসকের বিকল্প নয়, আর এই ধরনের তথ্য ফাঁস হলে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাসওয়ার্ড ও আইনি তথ্য। অনেকেই সহজভাবে এগুলো শেয়ার করে ফেলেন, যা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। একইভাবে ব্যক্তিগত ছবি, পরিচয়পত্র বা গুরুত্বপূর্ণ নথি আপলোড করা থেকেও বিরত থাকা উচিত।
সবশেষে সবচেয়ে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি নিয়ম হলো—যে তথ্য আপনি অনলাইনে প্রকাশ পেতে দিতে চান না, সেটি কখনোই চ্যাটবটের সঙ্গে শেয়ার করবেন না।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করছে, তেমনি নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। তাই প্রযুক্তির সুবিধা নিতে হলে সচেতনতা ও সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা। অন্ধভাবে ভরসা না করে, কী শেয়ার করছেন তা ভেবে নেওয়াই এখন সময়ের দাবি।

