একটি সাধারণ লেখার নির্দেশনা বা প্রম্পট থেকেই চোখের সামনে তৈরি হয়ে যাচ্ছে দৃষ্টিনন্দন অ্যানিমেশন, আধুনিক খরচের ট্র্যাকার কিংবা ঘরের ভেতরের আসবাব সাজানোর ইন্টারঅ্যাকটিভ ত্রিমাত্রিক দৃশ্য। কোনো জটিল প্রোগ্রামিং ভাষা বা কম্পিউটার কোড জানা না থাকলেও এখন সাধারণ মানুষ নিজের বুদ্ধিমত্তা ও আইডিয়া কাজে লাগিয়ে বানিয়ে ফেলতে পারছেন দরকারি সব সফটওয়্যার ও ডিজিটাল টুলস। মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শক্তিশালী ক্লড এআই মডেলের সুনির্দিষ্ট কমান্ড ফিচার ব্যবহার করে এই ধরনের কার্যক্ষম ডিজিটাল সরঞ্জাম তৈরির এক বিশাল দুয়ার খুলে গেছে। ব্যবহারকারীর চাহিদামতো কোড তৈরি করে দেওয়া থেকে শুরু করে ভুল শুধরে চূড়ান্ত অ্যাপ রূপায়ণে কৃত্রিম বুদ্ধিমত্তার এই অভিনব প্রয়োগ প্রযুক্তি দুনিয়ায় বিপুল সাড়া ফেলেছে।
প্রথাগত গ্রাফিক্স আর্ট বা ভিজ্যুয়াল এডিটিং ছাড়াই অ্যানিমেশন তৈরির ধারণা বাস্তবায়িত হচ্ছে ক্লডের উন্নত অ্যালগরিদমে। কেবল গল্পের চরিত্র, দৃশ্যের পটভূমি আর গতিবিধির একটি নিখুঁত ও স্পষ্ট বিবরণ প্রম্পট বক্সে লিখে দিলেই জাভাস্ক্রিপ্ট প্রযুক্তির সাহায্যে চালনাযোগ্য অ্যানিমেশন কোড তৈরি করে দিচ্ছে এআই। উদাহরণস্বরূপ, যদি লিখে দেওয়া হয়—“বনের মধ্য দিয়ে একটি চরিত্র হেঁটে গিয়ে নদী পার হবে এবং শেষে চমৎকার এক সূর্যাস্ত দেখাবে”—তবে এআই এই গল্পটির প্রতিটি ফ্রেম ও মোশন তৈরি করে চালানোর উপযোগী সম্পূর্ণ ফ্রন্টএন্ড কোড মুহূর্তেই জেনারেট করে ফেলবে। নির্দেশনা যত বেশি স্পষ্ট ও বিস্তারিত হবে, অ্যানিমেটেড দৃশ্যটিও তত বেশি জীবন্ত হয়ে ফুটে উঠবে।
প্রতিদিনের খরচের খতিয়ান রাখা, কেনাকাটা ও খাবারের পেছনে মাসে কত টাকা বের হয়ে যাচ্ছে তা হিসেব করা এবং নির্দিষ্ট বাজেটের কতটা বাকি আছে তা যাচাইয়ের একটি কার্যকর ইন্টারঅ্যাকটিভ টুল বানিয়ে নেওয়া এখন একেবারেই সহজ। ক্লড এআইকে নির্দিষ্ট ফরম্যাটে একটি ওয়েবলিংক বা ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেওয়া হলে এটি এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে চার্টসহ অ্যাপ বানিয়ে দেয়। এতে দৈনিক ব্যয়ের হিসেব নিজে থেকে যোগ হওয়ার পাশাপাশি বিভাগভিত্তিক খরচের গ্রাফচিত্র দেখা সম্ভব। ফলে বাণিজ্যিক কোনো থার্ড-পার্টি অ্যাপের ওপর নির্ভর না করে বা ডাটা প্রাইভেসির ঝুঁকিতে না পড়ে নিজের সুবিধামতো সম্পূর্ণ নিরাপদ নিজস্ব বাজেট ম্যানেজার তৈরি করা যায়।
নতুন ফার্নিচার বা আসবাব কেনার আগে তা ঘরে রাখলে চলাচলের জায়গা থাকবে কি না বা দেখতে কেমন মানাবে, তা বুঝে ওঠা বেশ কঠিন একটি কাজ। ক্লড এআই দিয়ে খুব সহজেই ঘরের নির্দিষ্ট দৈর্ঘ্য-প্রস্থ এবং জানোলা-দরজার অবস্থান বসিয়ে ইন্টারঅ্যাকটিভ থ্রিডি মডেল দাঁড় করানো যায়। মাউস দিয়ে ধরে সোফা, টেবিল বা বেড সরানোর সুবিধা সংবলিত এই মডেলে আসবাবের পজিশন চেঞ্জ করার সাথে সাথেই বেঁচে যাওয়া খালি জায়গার মাপ স্বয়ংক্রিয়ভাবে ভেসে ওঠে। এই সাধারণ প্রযুক্তি সাধারণ ক্রেতা ও অভ্যন্তরীণ সাজসজ্জার কাজে যুক্ত ব্যক্তিদের যেকোনো সিদ্ধান্ত নিতে সহায়তা করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার দৈনন্দিন উপযোগিতাকে এক নতুন মাত্রায় উন্নীত করেছে।

