বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
গতকাল সোমবার (১০ মার্চ) এক্সের সার্ভার বেশ কয়েকবার ডাউন হয়ে যায়। এতে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। এছাড়া অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না।
এরপর তড়িঘড়ি করে বিবৃতি দেন ইলন মাস্ক। এক্সে এক পোস্টে তিনি লিখেন, এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে, এখনও হচ্ছে। এক্সের উপর প্রতিদিন সাইবার আক্রমণ চালানো হচ্ছে। কিন্তু এবার এক্সকে বড় পরিসরে টার্গেট করা হয়েছে। এটা ভয়ংকর সাইবার অপরাধী গোষ্ঠীর কাজ। এর সঙ্গে কোন দেশ জড়িত- তা যাচাই করা হচ্ছে।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্কের প্রতিক্রিয়ার পর হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে এক্সের উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এক্সের সার্ভারটি ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিসের (ডিডিওএস) মাধ্যমে ডাউন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে প্রায় দুই হাজার, যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার এবং ব্রিটেন থেকে প্রায় ১০ হাজার ব্যবহারকারী সার্ভার ডাউনের অভিযোগ করেছেন।
এতে আরো উল্লেখ করা হয়, গত বছরের ফেব্রুয়ারিতে এই গ্রুপটি অন্যান্য হ্যাকার গ্রুপের সঙ্গে যৌথভাবে ডিডিওএস হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের দু’টি প্রধান বিমানবন্দর, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভার ডাউন করে। এছাড়াও ওই বছরের অক্টোবরে এই হ্যাকার গ্রুপটি ডিডিওএসের মাধ্যমে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সার্ভারও কয়েক মিনিটের জন্য ডাউন করে দেয়।

