একজন রোগী যখন মরণাপন্ন অবস্থায়, তার শেষ ভরসা থাকে হাসপাতাল। স্বজনেরা তাকে কাঁধে, রিকশায় কিংবা অ্যাম্বুলেন্সে তুলে ছুটে যান, কিন্তু হাসপাতালের দরজা পেরোনোর পর শুরু হয় নতুন লড়াই।
পদে পদে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে অনেক রোগীর সারা জীবনের সঞ্চয় নিঃশেষ হয়ে যায়। এত খরচের পরও মেলে না কাঙ্ক্ষিত সেবা। অন্যদিকে চিকিৎসকেরাও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পান না। যন্ত্রপাতির অভাব, জনবলের সংকট আর রোগীর অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হয় তাদের। ফলে চিকিৎসার মানও প্রশ্নবিদ্ধ হয়। রোগীদের উন্নত চিকিৎসার বিদেশে যেতে বাধ্য হন অনেকে।
সরকারও স্বাস্থ্য খাত সংস্কারের কথা বলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসার জন্য সরকার প্রাথমিক পর্যায়ে প্রধান ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এমনকি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সব শ্রেণির কর্মকর্তারাও স্বাস্থ্যখাত পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। কিন্তু তবুও বদলাচ্ছে না এই খাতের চিত্র। ইচ্ছা আছে, আলোচনা আছে, সুপারিশও আছে। তবু পরিবর্তনের পথের কাঁটা আসলে কোথায়?
সংকট আসলে কোথায়?
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ ২০২২ সালে ১৭টি সমস্যা চিহ্নিত করেছিলেন। তার মতে, বিভাজিত পেশাজীবী রাজনীতি, চিকিৎসকদের দীর্ঘদিন একই জায়গায় পদায়ন, শৃঙ্খলাভঙ্গের শাস্তি না হওয়া আমলানির্ভর পরিকল্পনা ব্যবস্থাকে দুর্বল করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষ জনবলের ঘাটতি, সিদ্ধান্তে দীর্ঘসূত্রতা এবং উপজেলা পর্যায়ে চিকিৎসকের স্বল্পতা ও নিরাপত্তাহীনতা।
কিন্তু সংকট শুধু এতোটুকু তেই সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সচিব, সবাই হয়তো বদল আনতে চান। কিন্তু তাদের কাজ করতে হয় বহুদিনের পুরোনো একটা কাঠামোর ভেতরে, যেখানে নিয়ম আছে, ক্ষমতার ভাগ আছে, আর প্রতিটা সিদ্ধান্তের জন্য একের পর এক ধাপ পার হতে হয়।
| স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতও গত মে মাসে বলেন, ‘অদক্ষতা আর সময়মতো প্রকল্প শেষ করতে না পারাটা অর্থের চেয়েও বড় চ্যালেঞ্জ।’ |
উপজেলার হাসপাতালকে ঠিকঠাক চালাতে চাইলে নিয়োগ আর পদায়নের নিয়ম বদলাতে হবে। কিন্তু এসব সিদ্ধান্ত একা স্বাস্থ্য মন্ত্রণালয় নিতে পারে না। কোনোটা জনপ্রশাসনের হাতে, কোনোটা অর্থ মন্ত্রণালয়ের, আবার কোনোটা পরিকল্পনা কমিশনের।
এমনকি যে কাজ মন্ত্রণালয়ের নিজের এখতিয়ারে, সেটাও অনুমোদনের জটে আটকে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ২০২৫ সালে ডেইলি স্টারকে বলেছিলেন, কিছু সুপারিশ বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত লাগবে।
একটা ব্যবস্থা বছরের পর বছর একই ধাঁচে চললে, সেই ব্যবস্থার ভেতর থেকে তাকে বদলে ফেলা ভীষণ কঠিন। ধীরে ধীরে প্রতিষ্ঠানটাই পরিবর্তনের বদলে পুরোনো নিয়ম আগলে রাখতে শুরু করে। ফলে পরিবর্তনের পক্ষে অবস্থান থাকলেও বাস্তবায়নের পর্যায়ে সেই গতি আর থাকে না।
সদিচ্ছা আছে, কিন্তু অর্থ কোথায়
সংস্কারের বড় শর্ত অর্থায়ন। ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা জিডিপির প্রায় ১.০২ শতাংশ; আগের বছর ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা অর্থাৎ ০.৫৮ শতাংশ। বরাদ্দ বাড়লেও তা এখনো স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশের তুলনায় অনেক কম। কমিশন জাতীয় বাজেটের অন্তত ১৫ শতাংশ বরাদ্দের সুপারিশ করেছিল। অথচ ২০২৬–২৭ অর্থবছরে প্রস্তাবিত বরাদ্দ জাতীয় বাজেটের মাত্র ৭.৪ শতাংশ।
এর সরাসরি প্রভাব পড়ছে রোগীর পকেটে। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ মানুষকে নিজস্ব অর্থে বহন করতে হয়। অনেক দেশেই একসময় এসব সমস্যায় ছিল, পরে সংস্কারের মাধ্যমে চিকিৎসার ব্যয়ের বড় অংশ সরকার ও স্বাস্থ্য অর্থায়নব্যবস্থার আওতায় এনেছে।
থাইল্যান্ডে ২০০২ সালে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা চালুর পর নিজস্ব ব্যয়ের হার ২০০১ সালের ৩৪% থেকে ২০১৯ সালে ৮.৭%-এ নেমেছে। এখন দেশটিতে স্বাস্থ্য ব্যয়ের ৭৭.৮% আসে সরকারি উৎস থেকে।
ভারতে নিজস্ব ব্যয়ের হার ২০১৩-১৪ সালের ৬৪.২% থেকে কমে ২০২২-২৩ সালে ৪৩.৪% হয়েছে, আর সরকারি ব্যয়ের অংশ ২৮.৬% থেকে বেড়ে ৪৩.৭% হয়েছে।
তুরস্কের অভিজ্ঞতাও একই ধরনের শিক্ষা দেয়। ২০০৩ সালে দেশটির সরকার হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম শুরু করে। সরকারের উচ্চপর্যায়ের রাজনৈতিক অঙ্গীকারের আওতায় স্বাস্থ্যবিমা একীভূতকরণ, হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন, স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সমন্বিত পরিবর্তন আনা হয়। এখন তুরস্কে চিকিৎসা ব্যয়ের মাত্র ১৯ শতাংশ রোগীকে নিজের পকেট থেকে দিতে হয়।

