ওই রায়ে হাইকোর্ট বিভাগ তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে পৃথক সচিবালয়ের কার্যক্রম উদ্বোধন করে। তবে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার ২০২৬ সালের ১০ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন’ পাস করে। এর ফলে সচিবালয়টি বিলুপ্ত হয়ে যায়। এ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ এপ্রিল হাইকোর্টে নতুন একটি রিট আবেদন করা হয়। অন্যদিকে, সাদ্দাম হোসেন মামলার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক
পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবির পেছনে রয়েছে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক। বাংলাদেশের সংবিধানের মূল কাঠামোতে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, পদায়ন, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাসংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। কিন্তু ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়। ফলে বিচারকদের চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাহী বিভাগের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়।
পরবর্তী সময়ে ১৯৭৯ সালের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান যুক্ত হয়। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীতেও এই কাঠামো বহাল রাখা হয়।
এই ব্যবস্থার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়।
রিট আবেদনকারীদের যুক্তি
আবেদনকারীদের মূল বক্তব্য ছিল, অধস্তন আদালতের বিচারকদের চাকরিসংক্রান্ত বিষয়ে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা থাকলেও বাস্তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শের ভিত্তিতে তা প্রয়োগ করা হয়। ফলে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাব তৈরি হয়। এটি ক্ষমতার পৃথককরণ নীতি এবং সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনকারীরা আরও যুক্তি দেন, ২০১৭ সালের শৃঙ্খলা বিধিমালার মাধ্যমে নির্বাহী বিভাগের হাতে বিচারকদের চাকরিসংক্রান্ত বিষয়ে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাব আরও শক্তিশালী হয়েছে।
তাঁরা ভারত, সিঙ্গাপুর, নেপাল ও শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরেন। এসব দেশের সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে উচ্চতর বিচার বিভাগের কর্তৃত্ব স্বীকৃত। আবেদনকারীদের মতে, বাংলাদেশের ক্ষেত্রেও বিচারকদের পদায়ন, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাসংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকা প্রয়োজন।
এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথককরণ সংবিধানের মৌলিক কাঠামোর অংশ উল্লেখ করে তাঁরা ইদ্রিসুর রহমান মামলা এবং সংবিধানের ষোড়শ সংশোধনীসংক্রান্ত মামলার রায়ের ওপর নির্ভর করেন।
রাষ্ট্রপক্ষের বক্তব্য ও পাল্টা যুক্তি
রাষ্ট্রপক্ষ আবেদনকারীদের বক্তব্যের বিরোধিতা করে জানায়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের বিচারকদের সব ধরনের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়নি। বরং পদায়ন, পদোন্নতি ও ছুটির মতো নির্দিষ্ট বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপক্ষের মতে, এই ব্যবস্থা রাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখে।
তারা সংবিধানের ১১৬ক অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন। এই অনুচ্ছেদে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতার স্বীকৃতি রয়েছে। পাশাপাশি ইদ্রিসুর রহমান ও মোহাম্মদ আবু বকর মামলার রায়ের উল্লেখ করে রাষ্ট্রপক্ষ জানায়, সুপ্রিম কোর্টের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ছাড়া ১১৬ অনুচ্ছেদের অধীনে নেওয়া সিদ্ধান্ত আইনসম্মত নয়।
২০১৭ সালের শৃঙ্খলা বিধিমালা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদে সরকারি কর্মচারীদের চাকরির শর্তাবলি নির্ধারণের জন্য বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। যেহেতু এই অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করা হয়নি, তাই এর অধীনে প্রণীত বিধিমালাকে অসাংবিধানিক ঘোষণা করা যায় না।
রাষ্ট্রপক্ষ আরও বলে, আদালত সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু সংবিধান সংশোধন বা নতুন আইন প্রণয়ন করতে পারেন না। তাদের মতে, বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথককরণ সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হলেও ১১৬ অনুচ্ছেদকে কখনো সরাসরি সেই কাঠামোর অন্তর্ভুক্ত ঘোষণা করা হয়নি।
এ ছাড়া রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, চতুর্থ সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তন পরবর্তী সময়ে কার্যকর না থাকায় সেটিকে নতুন করে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। কেবল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তন আদালতে পর্যালোচনা করা যেতে পারে। তবে পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অংশ অসাংবিধানিক ঘোষিত হলেও আগের চতুর্থ সংশোধনীর বিধান পুনরায় কার্যকর হবে, ১৯৭২ সালের মূল বিধান নয়।
হাইকোর্টের রায়: ১৯৭২ সালের মূল বিধান ফিরে আসার সুযোগ
হাইকোর্ট বিভাগ উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তনকে অসাংবিধানিক ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে, এসব পরিবর্তন বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার পৃথককরণের নীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে এগুলো সংবিধানের মৌলিক কাঠামো ক্ষুণ্ন করেছে।
আদালত সংশ্লিষ্ট সংশোধনী বিলগুলোর প্রণয়নপ্রক্রিয়াতেও ত্রুটি খুঁজে পান। রায়ে বলা হয়, সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দীর্ঘ শিরোনাম বা লং টাইটেল যথাযথভাবে অন্তর্ভুক্ত না থাকায় সংশোধনী বিলগুলো প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ ছিল।
চতুর্থ সংশোধনীকে আদালতের পর্যালোচনার বাইরে রাখার রাষ্ট্রপক্ষের যুক্তিও গ্রহণ করেননি হাইকোর্ট। আদালতের মতে, ওই সংশোধনীর মাধ্যমে ১১৬ অনুচ্ছেদ বাতিল করা হয়নি। বরং সেখানে ‘সুপ্রিম কোর্ট’ শব্দের পরিবর্তে ‘রাষ্ট্রপতি’ শব্দ যুক্ত করে ক্ষমতার কাঠামো পরিবর্তন করা হয়েছিল।
রায়ে সংবিধানের ক্ষেত্রে ডকট্রিন অব ইক্লিপস অ্যান্ড রিভাইভাল বা অকার্যকর বিধানের পুনরুজ্জীবন নীতির ব্যাখ্যাও দেওয়া হয়। আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তন বাতিল হলে চতুর্থ সংশোধনীর বিধান পুনরায় কার্যকর হওয়ার প্রশ্ন আসে। তবে চতুর্থ সংশোধনীর পরিবর্তনও অসাংবিধানিক হওয়ায় শেষ পর্যন্ত ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হবে। এ জন্য নতুন করে আইন প্রণয়নের প্রয়োজন হবে না।
নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে প্রকৃত ভারসাম্য সম্ভব নয়
রাষ্ট্রপক্ষের দাবি ছিল, রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্যে ভারসাম্য বজায় থাকে। তবে আদালত এই যুক্তি গ্রহণ করেননি।
আদালতের পর্যবেক্ষণ, ক্ষমতার পৃথককরণ কার্যকর না থাকলে প্রকৃত অর্থে ভারসাম্য ও জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি যখন বিচার বিভাগের প্রশাসনিক বিষয়ে ক্ষমতা প্রয়োগ করেন, তখন নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখা কঠিন।
এ কারণে অধস্তন আদালতের বিচারকদের প্রশাসনিক নিয়ন্ত্রণের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকা প্রয়োজন বলে মত দেন আদালত। একই সঙ্গে ২০১৭ সালের শৃঙ্খলা বিধিমালাকে অসাংবিধানিক ঘোষণা করেন। কারণ, এই বিধিমালার মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের তদারকি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে নির্বাহী বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছিল।
সবশেষে, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন হাইকোর্ট।
বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সচিবালয়ের গুরুত্ব
এই রায়ের গুরুত্ব কেবল একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত রয়েছে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, সংবিধানের মৌলিক কাঠামো এবং রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার প্রশ্ন।
বিচারকদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলাসংক্রান্ত সিদ্ধান্তে নির্বাহী বিভাগের প্রভাব থাকলে বিচার বিভাগের স্বাধীনতা কতটা কার্যকর থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে অধস্তন আদালতের বিচারকদের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করা না গেলে বিচার বিভাগের সামগ্রিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা কঠিন।
তাই পৃথক বিচার বিভাগীয় সচিবালয় কোনো প্রশাসনিক সুবিধা বা বাড়তি প্রতিষ্ঠান তৈরির বিষয় নয়। এটি বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এবং নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থেকে বিচারিক দায়িত্ব পালনের পরিবেশ তৈরির একটি গুরুত্বপূর্ণ শর্ত।
তবে হাইকোর্টের রায়ের পর পৃথক সচিবালয় প্রতিষ্ঠিত হলেও পরবর্তী সময়ে তা আইন করে বিলুপ্ত করা হয়েছে। ফলে এ বিষয়ে নতুন করে সাংবিধানিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। এখন হাইকোর্টে সচিবালয় বিলুপ্তির আইনের বৈধতা নিয়ে করা রিট এবং আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তির ওপর অনেক কিছু নির্ভর করছে।
বিচার বিভাগের স্বাধীনতা কেবল সংবিধানে স্বীকৃতি দেওয়ার বিষয় নয়, বাস্তবে তা কার্যকর করার ব্যবস্থাও থাকতে হবে। সেই বিবেচনায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নটি কোনো বিলাসিতা নয়, বরং স্বাধীন বিচারব্যবস্থা ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রয়োজনীয় শর্ত।

