বিশেষ বিশ্লেষণ
ধরুন, আপনার গাড়ি দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা খুব বেশি নয়। কয়েক বছর গাড়ি চালিয়েও হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। তাহলে প্রতি বছর বীমার প্রিমিয়াম দিয়ে যাবেন কেন? বাইরে থেকে দেখলে প্রশ্নটা বেশ যুক্তিসঙ্গত। কিন্তু বীমার হিসাবটা আসলে দুর্ঘটনা ঘটবে কি না, শুধু সেটুকু দিয়ে করা হয় না। আসল প্রশ্ন হলো, যদি দুর্ঘটনা ঘটেই যায়, সেই ক্ষতির পুরো ধাক্কা কি আপনি নিজের পকেট থেকে সামলাতে পারবেন? বীমার প্রয়োজনটা এখানেই।
যে ঝুঁকি কম, তার ক্ষতি কিন্তু ছোট নাও হতে পারে
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় আমরা সাধারণত একটি ভুল করি; কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কম দেখলেই তার গুরুত্বও কম ধরে নিই। অথচ ঝুঁকি বিশ্লেষণে সম্ভাবনা এবং ক্ষতির পরিমাণ দুটিই গুরুত্বপূর্ণ। সহজভাবে বললে, প্রত্যাশিত ক্ষতির একটি মৌলিক ধারণা হলো, ঘটনার সম্ভাবনা × ক্ষতির পরিমাণ। কোনো দুর্ঘটনার সম্ভাবনা কম হতে পারে, কিন্তু দুর্ঘটনা ঘটলে যদি কয়েক লাখ টাকা ক্ষতি হয়, তাহলে সেটি আপনার আর্থিক জীবনে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। বীমা মূলত এই অনিশ্চিত বড় ক্ষতিকে তুলনামূলকভাবে ছোট ও পূর্বনির্ধারিত খরচে রূপান্তর করার একটি ব্যবস্থা। আন্তর্জাতিক বীমা নিয়ন্ত্রক সংস্থাগুলোও বীমার ভিত্তি হিসেবে ঝুঁকি ভাগাভাগি, ঝুঁকি পুলিং এবং ‘ল অব লার্জ নাম্বার্স’-এর কথা বলে।
এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বীমা এমন কোনো ব্যবস্থা নয় যেখানে সবাই টাকা দেবে আর সবাই সমান টাকা ফেরত পাবে। বরং অনেক মানুষের তুলনামূলক স্বাধীন ঝুঁকি এক জায়গায় এনে একটি বড় ঝুঁকি-পুল তৈরি করা হয়। কারও ক্ষতি হতে পারে, কারও নাও হতে পারে। যারা ক্ষতির মুখে পড়েন, পুলের অর্থ থেকে তাদের চুক্তি অনুযায়ী সহায়তা দেওয়া হয়। ফলে একজন মানুষের জন্য যে বড় আর্থিক ধাক্কা সামলানো কঠিন, সেটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিলে প্রত্যেকের ওপর আগাম খরচটি তুলনামূলকভাবে ছোট রাখা সম্ভব হয়। ‘ল অব লার্জ নাম্বার্স’ বা বড় সংখ্যার নীতি এখানে গুরুত্বপূর্ণ। বেশিসংখ্যক তুলনামূলক স্বাধীন ঝুঁকি একত্র হলে মোট ক্ষতির পূর্বানুমান তুলনামূলকভাবে নির্ভরযোগ্য হয়।
এখন ধরুন, আপনার গাড়ির বছরে বড় দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম। আপনি হয়তো কয়েক বছর কোনো দাবি করবেনই না। তখন মনে হতে পারে, এতদিন যে প্রিমিয়াম দিলেন, সবটাই তো ‘নষ্ট’ হলো। কিন্তু এই হিসাবটি অনেকটা এমন, আপনি ফায়ার এক্সটিংগুইশার কিনে আগুন না লাগায় বললেন, “টাকাটা তো নষ্ট!” বাস্তবে আগুন না লাগাই তো ভালো ফল। একইভাবে বীমার সাফল্য সবসময় দাবি পাওয়ার মধ্যে নেই; বরং বড় ক্ষতির সময় আপনার আর্থিক অবস্থাকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারার মধ্যেও এর মূল্য আছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স কমিশনার্সও ব্যাখ্যা করেছে, বীমার মাধ্যমে মানুষ সম্ভাব্য বড় ক্ষতির ঝুঁকির বদলে তুলনামূলকভাবে নিশ্চিত প্রিমিয়াম দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আসল পার্থক্যটা হয় দুর্ঘটনার পর
ধরুন, একই আয়ের দুই ব্যক্তি। দুজনেরই গাড়ি আছে, দুজনেরই দুর্ঘটনার সম্ভাবনা প্রায় একই। একজন নিয়মিত বীমা করেন, অন্যজন করেন না। কয়েক বছর পর দুজনেরই কোনো দুর্ঘটনা হলো না। তখন বাইরে থেকে দেখলে দুজনের অবস্থাই একই বরং দ্বিতীয় ব্যক্তি বলতেই পারেন, “দেখলেন, বীমার দরকার হয়নি।” কিন্তু পরের বছর যদি তাদের গাড়িতে বড় দুর্ঘটনা ঘটে এবং মেরামতে কয়েক লাখ টাকা লাগে, তখন দুই ব্যক্তির আর্থিক অবস্থার পার্থক্য হঠাৎ স্পষ্ট হয়ে যায়। প্রথমজনের ক্ষতি পুরোপুরি শূন্য হবে এমন নয়। পলিসির শর্ত, কভারেজ, ডিডাক্টিবল বা বাদ পড়া ঝুঁকির ওপর নির্ভর করবে কতটা অর্থ পাওয়া যাবে। কিন্তু দ্বিতীয়জনকে পুরো আর্থিক ধাক্কাটি নিজেকেই নিতে হবে। বীমার মূল্য তাই অনেক সময় দুর্ঘটনার আগে বোঝা যায় না; বোঝা যায় দুর্ঘটনার পরে।
এখানে আবার একটি ভুল ধারণা ভাঙা দরকার, বীমা মানেই সব ক্ষতির টাকা পাওয়া নয়। পলিসি একটি চুক্তি; কোন ঝুঁকি কভার হবে, কত টাকা পর্যন্ত হবে, কী শর্ত থাকবে, ডিডাক্টিবল কত, কোন ঘটনা বাদ থাকবে; এসবই গুরুত্বপূর্ণ। তাই শুধু কম প্রিমিয়াম দেখে পলিসি নেওয়া আর ভালো বীমা নেওয়া এক বিষয় নয়। প্রকৃত হিসাব হলো, আপনি যে ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা চান, পলিসিটি সেটি কতটা কার্যকরভাবে কভার করছে। বীমার মূল্য নির্ধারণেও ঝুঁকির মাত্রা ও সম্ভাব্য দাবির খরচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাহলে সবার জন্য কি সব ধরনের বীমা দরকার?
এখানেই ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার আসল প্রশ্ন। বীমা মানেই যত বেশি পলিসি, তত ভালো; এমন কোনো নিয়ম নেই। বরং যে ক্ষতি আপনি নিজের সঞ্চয় দিয়ে সহজে সামলাতে পারবেন, সেটি আর যে ক্ষতি আপনার বহু বছরের সঞ্চয় শেষ করে দিতে পারে। এই দুই ঝুঁকিকে আলাদা করে দেখতে হবে। ছোটখাটো, সামলানো সম্ভব এমন ক্ষতির ক্ষেত্রে নিজের সঞ্চয় বা জরুরি তহবিল কার্যকর হতে পারে। কিন্তু বড় চিকিৎসা ব্যয়, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু, ব্যবসার বড় সম্পদের ক্ষতি কিংবা এমন কোনো দায়, যা একবার ঘটলে আপনার আর্থিক পরিকল্পনাই ভেঙে দিতে পারে, সেখানে ঝুঁকি স্থানান্তরের যুক্তি অনেক বেশি শক্তিশালী। আর্থিক ধাক্কার পর পর্যাপ্ত সঞ্চয় না থাকলে মানুষ ঋণ বা অন্য সম্পদ ভাঙার দিকে যেতে পারে। এমন ঝুঁকির কথাও ভোক্তা আর্থিক গবেষণায় উঠে এসেছে।
বাংলাদেশের বাস্তবতায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের নথিতে বলা হয়েছিল, দেশে বীমা খাত তুলনামূলকভাবে ছোট ও অনুন্নত এবং মোট বীমা প্রিমিয়ামের জিডিপির অনুপাত প্রায় ০.৫ শতাংশ ছিল; একই নথিতে ভারত ও ভিয়েতনামের তুলনামূলক উচ্চ অনুপাতও দেখানো হয়। আবার ২০২৫ সালের আইএমএফের বাংলাদেশ-সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি অর্থায়ন বিশ্লেষণে ২০১৯ সালের নন-লাইফ বীমা প্রিমিয়াম জিডিপির মাত্র ০.২ শতাংশ ছিল বলে উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে ভোক্তা সচেতনতা ও বীমার ওপর আস্থার দুর্বলতার কথাও বলা হয়েছে। অর্থাৎ সমস্যা শুধু মানুষ বীমা কেনে না, এটা নয়। সমস্যার একটি অংশ হলো বীমার প্রয়োজন, পণ্যের কাভারেজ এবং দাবি নিষ্পত্তির বাস্তবতা নিয়ে মানুষের আস্থাও যথেষ্ট শক্তিশালী নয়।
আর বাংলাদেশে দুর্যোগের বিষয়টি বাদ দিলে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যায়। বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি বা অন্যান্য দুর্যোগের ক্ষতি শুধু একটি পরিবারের ঘরবাড়ি বা একটি ব্যবসার দোকান নষ্ট করে না; আয় বন্ধ হওয়া, পণ্য নষ্ট হওয়া, সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়া; সব মিলিয়ে ক্ষতি দীর্ঘ হতে পারে। বিশ্বব্যাংক বলছে, দুর্যোগের আর্থিক প্রভাব মোকাবিলায় বীমা একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি-ব্যবস্থাপনার হাতিয়ার হতে পারে এবং উন্নয়নশীল দেশগুলোতে বীমার সীমিত ব্যবহার দুর্যোগের পর পরিবার ও সরকারের ওপর আর্থিক চাপ বাড়ায়। বাংলাদেশেও বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি অর্থায়ন-সংক্রান্ত বিশ্লেষণে বীমা সুরক্ষা সীমিত থাকার বিষয়টি উঠে এসেছে।
বীমার সবচেয়ে বড় সুবিধা আসলে ‘দুর্ঘটনা না ঘটার’ বছরগুলোতেই
আমার দৃষ্টিতে, বীমাকে শুধু “দাবি পাব কি না” এই প্রশ্নে বিচার করলে এর প্রকৃত অর্থ ধরা যায় না। বরং এটি ব্যক্তিগত আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ। আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন, তার বিনিময়ে মূলত একটি অনিশ্চিত ভবিষ্যৎ ক্ষতির দায় পুরোপুরি নিজের ঘাড়ে না রাখার ব্যবস্থা করছেন। অবশ্যই পলিসি বুঝে নিতে হবে, কভারেজ যথেষ্ট কি না দেখতে হবে, বাদ পড়া ঝুঁকি জানতে হবে এবং কোম্পানি ও পলিসির শর্ত যাচাই করতে হবে। কারণ ভুল পলিসি কিনলে প্রিমিয়াম দেওয়ার পরও প্রয়োজনের সময় প্রত্যাশিত সুরক্ষা নাও পাওয়া যেতে পারে। বাংলাদেশে বীমা ব্যবসা আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং বীমা আইন, ২০১০ লাইফ ও নন-লাইফ এই দুই শ্রেণিতে বীমা ব্যবসাকে ভাগ করেছে।
শেষ পর্যন্ত প্রশ্নটি তাই “দুর্ঘটনা ঘটবে কি না” নয়। বরং প্রশ্ন হলো, দুর্ঘটনা ঘটলে তার আর্থিক অভিঘাত কতটা হবে, এবং সেই অভিঘাত নিজের পকেট থেকে নেওয়ার মতো সক্ষমতা আপনার আছে কি না। যার উত্তর ‘হ্যাঁ’, তার জন্য হয়তো কিছু ঝুঁকিতে বীমার প্রয়োজন কম হতে পারে। কিন্তু যে ক্ষতি একবার ঘটলে সঞ্চয় শেষ, ঋণ নিতে হবে বা পরিবারের আর্থিক পরিকল্পনা বহু বছর পিছিয়ে যাবে, সেখানে কম সম্ভাবনাকে অজুহাত বানানো খুব শক্তিশালী আর্থিক সিদ্ধান্ত নয়। ঝুঁকি ব্যবস্থাপনার যুক্তি বরং বলে, যে ক্ষতি আপনি সহজে বহন করতে পারবেন না, সেই ক্ষতির ঝুঁকি আগে থেকেই কীভাবে ভাগ করে নেওয়া যায়, সেটিই ভাবুন। বীমা সেই ব্যবস্থার একটি উপায়; কোনো জাদুর সমাধান নয়, আবার অপ্রয়োজনীয় খরচও নয়। সঠিক ঝুঁকি, সঠিক কভারেজ এবং সঠিক শর্তে এটি আসলে ভবিষ্যতের একটি বড় অনিশ্চয়তার বিপরীতে আজকের তুলনামূলক ছোট, পরিকল্পিত খরচ।
রাকিবুল ইসলাম।
রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

