দর্শনের জগতে নৈতিক অবজেক্টিভিটি বনাম সাবজেক্টিভিটির বিতর্ক নতুন নয়। হিউম্যান এথিক্সের এই আলোচনায় একদিকে আছেন মোরাল রিয়ালিস্টরা, যারা মনে করেন- কিছু নৈতিক সত্য ব্যক্তি-নিরপেক্ষভাবে বিরাজমান। অন্যদিকে মোরাল রিলেটিভিস্টরা যুক্তি দেন, নৈতিকতা মূলত সামাজিক-সাংস্কৃতিক নির্মাণ, যার প্রেক্ষাপট, ক্ষমতা-সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ দ্বারা গঠিত হয়।
ফরাসি দার্শনিক মিশেল ফুকো বলছেন, জ্ঞান ও নৈতিকতার বয়ান কীভাবে ক্ষমতার সঙ্গে গাঁথা থাকে, কে “স্বাভাবিক” আর কে “বিচ্যুত”, তা নির্ধারণ করাই এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল।
আইনি দর্শন: নৈতিকতা কি আইনের ভিত্তি?
লিগ্যাল মোরালিজম বনাম হার্ম প্রিন্সিপল
আইনশাস্ত্রে এই প্রশ্নের একটি ধ্রুপদী মীমাংসা-প্রচেষ্টা হলো জন স্টুয়ার্ট মিলের “হার্ম প্রিন্সিপল”। যা বলে, কারও আচরণ যদি অন্যের ক্ষতি না করে, তবে শুধু সংখ্যাগরিষ্ঠের নৈতিক অসন্তোষের ভিত্তিতে তা নিষিদ্ধ করা যায় না। এর বিপরীতে দাঁড়িয়ে আছে “লিগ্যাল মোরালিজম”, প্যাট্রিক ডেভলিনের মতো তাত্ত্বিকদের অবস্থান, যাঁরা মনে করেন সমাজের নৈতিক ঐক্য রক্ষার জন্য রাষ্ট্র প্রচলিত নৈতিকতা আইন দিয়ে প্রয়োগ করতে পারে। এইচ.এল.এ. হার্টের সঙ্গে ডেভলিনের এই বিতর্ক বিংশ শতাব্দীর আইনদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
কান্টের নৈতিক স্বায়ত্তশাসন
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতে, নৈতিকতার প্রকৃত উৎস হলো ব্যক্তির নিজস্ব বিবেক, বাইরের কোনো কর্তৃপক্ষ, রীতি বা সংখ্যাগরিষ্ঠের অনুমোদন নয়। কান্ট বলেন, একজন মানুষ তখনই প্রকৃত নৈতিক সত্তা, যখন সে নিজের যুক্তি প্রয়োগ করে সিদ্ধান্ত নেয়, বাইরের চাপ বা ভয়ে নয়। এই (স্বশাসন) ধারণাটিই আধুনিক ব্যক্তিস্বাধীনতার নৈতিক ভিত্তি তৈরি করেছে। যে মুহূর্তে নৈতিকতা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়, কান্টের ভাষায় তখন তা আর প্রকৃত নৈতিকতা থাকে না।
অস্তিত্ববাদ ও ব্যক্তিগত দায়
জঁ-পল সার্ত্র ও অন্যান্য অস্তিত্ববাদী দার্শনিকদের যুক্তি আরও এক ধাপ এগিয়ে। তাঁদের মতে, মানুষ তার প্রতিটি সিদ্ধান্তের জন্য নিজেই সম্পূর্ণভাবে দায়ী। কোনো পূর্বনির্ধারিত নৈতিক কাঠামো তাকে এই দায় থেকে মুক্তি দিতে পারে না। সার্ত্রের বিখ্যাত উক্তি অনুযায়ী মানুষ “স্বাধীনতার জন্য অভিশপ্ত”, অর্থাৎ সমাজ বা প্রতিষ্ঠান যতই নিয়ম বেঁধে দিক না কেন, চূড়ান্ত নৈতিক পছন্দটি সবসময় ব্যক্তির নিজের।
কেস রেফারেন্স
Handyside v. United Kingdom (1976, ইউরোপীয় মানবাধিকার আদালত)
এই মামলায় আদালত রাষ্ট্রকে “নৈতিকতা রক্ষার” নামে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার একটি নির্দিষ্ট মার্জিন দিলেও, একইসঙ্গে সতর্ক করে দেয় যে গণতন্ত্রে ভিন্নমত ও অস্বস্তিকর মতও সুরক্ষা পাওয়ার অধিকার রাখে।
Lawrence v. Texas (2003, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট)
এখানে আদালত রাষ্ট্রীয় নৈতিকতা-ভিত্তিক আইনকে ব্যক্তিস্বাধীনতার ঊর্ধ্বে বসাতে অস্বীকার করে বলে, নিছক সংখ্যাগরিষ্ঠের নৈতিক অসম্মতি কোনো আইনের সাংবিধানিক ভিত্তি হতে পারে না।
Naz Foundation v. Government of NCT of Delhi (2009)
এই মামলাগুলোতে আদালত সরাসরি প্রশ্ন তোলে “সাংবিধানিক নৈতিকতা” বনাম “জনসাধারণের নৈতিকতা” এই দুইয়ের সংঘাতে কোনটি প্রাধান্য পাবে। আদালত সিদ্ধান্ত দেয়, সংখ্যাগরিষ্ঠের নৈতিক মতামত সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকারকে অগ্রাহ্য করার সনদ হতে পারে না।
এই মামলাগুলো একটি সাধারণ প্রবণতা দেখাইয় যা হলো আদালতগুলো ক্রমশ সংখ্যাগুরু নৈতিকতা থেকে সাংবিধানিক নৈতিকতার দিকে দিকে ঝুঁকছে, অর্থাৎ প্রচলিত সামাজিক নৈতিকতার বদলে সাংবিধানিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
(ICCPR) অনুচ্ছেদ ১৯
আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত সনদের (ICCPR) অনুচ্ছেদ ১৯ মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষা দেয়, তবে একই সনদ “জনস্বাস্থ্য বা নৈতিকতা” রক্ষার নামে কিছু বিধিনিষেধেরও অনুমতি দেয়। অন্যের অধিকার বা সুনাম রক্ষা করতেও বলা হয়েছে এই আইনে।
বাংলাদেশের প্রেক্ষাপটঃ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হাতিয়ার যখন “নৈতিকতা”
বাংলাদেশে ডিজিটাল স্পেসে নৈতিকতা ও “শালীনতা” রক্ষার নামে আইনি নিয়ন্ত্রণের ইতিহাস লক্ষণীয়। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ (DSA), পরে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ (CSA)—প্রতিটি আইনই “অশ্লীল, মানহানিকর বা মিথ্যা তথ্য” ঠেকানোর যুক্তিতে প্রণীত হলেও সমালোচকরা বলেছেন, বাস্তবে এগুলো ভিন্নমত দমনে ব্যবহৃত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন শান্তিপূর্ণ ভিন্নমত ও সমালোচনামূলক মতামত দমনে পদ্ধতিগতভাবে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ দ্বারা রহিত হয়, যা পরবর্তীতে ২০২৫ সালের ২১ মে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ দ্বারা প্রতিস্থাপিত হয়—এই অধ্যাদেশে ২০২৩ সালের আইনের নয়টি বিতর্কিত ধারা বাতিল করা হয়। অবশিষ্ট মত প্রকাশ-সংক্রান্ত অপরাধগুলো এখন জামিনযোগ্য এবং সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড। এই পরিবর্তনের পটভূমিতে ছিল ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলন যার জেরে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগ করেন এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন, যাদের হাতে এই দমনমূলক ডিজিটাল আইনি কাঠামো সংস্কারের এজেন্ডা এসে পড়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ক্ষমতায় আসে, এবং সংশোধিত আইনি কাঠামো নতুন সরকারের অধীনেও কার্যকর রয়েছে।
এই ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, আইনের নাম বা কাঠামো বদলালেও “নৈতিকতা ও শালীনতা রক্ষার” ভাষ্য কি একই থেকে যায়, যা ভবিষ্যতেও ভিন্নমত নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে?
দুই নৈতিকতার সংঘাত
ব্যক্তিগত নৈতিকতা ও সংখ্যাগুরুর নৈতিকতার মধ্যে মৌলিক পার্থক্য হলো উৎসের। একটি জন্ম নেয় ব্যক্তির স্বাধীন যুক্তি ও বিবেক থেকে, অন্যটি জন্ম নেয় সামষ্টিক ঐকমত্য বা সামাজিক চাপ থেকে। সমস্যাটি তখনই তীব্র হয়ে ওঠে, যখন সংখ্যাগুরুর নৈতিকতা নিজেকে একমাত্র বৈধ নৈতিকতা হিসেবে দাবি করে এবং ব্যক্তিগত বিবেককে অবৈধ বা “বিচ্যুত” আখ্যা দেয়। এখানেই নৈতিকতা রূপান্তরিত হয় নিয়ন্ত্রণের হাতিয়ারে, যেখানে ভিন্নমত হয়ে ওঠে অপরাধ, আর সংখ্যাগরিষ্ঠের মতামত হয়ে ওঠে অলঙ্ঘনীয় সত্য। রাষ্ট্র যখন এই সংখ্যাগুরুর নৈতিকতা কে চাপের মুখে সাংবিধানিক নৈতিকতার মান হিসেবে ধার্য করে সবার জন্য তখন মানুষের স্বতন্ত্র বিকাশ ও সৃজনশীলতা স্তব্ধ হয়ে যায়।
তবে এর একটি প্রতিপক্ষ যুক্তিও আছে, যা উপেক্ষা করা ঠিক নয়, সমাজবদ্ধ জীব হিসেবে মানুষের নৈতিক জীবন সম্পূর্ণ বিচ্ছিন্ন ব্যক্তিসত্তার ওপর দাঁড়াতে পারে না। এমিল দুর্খেইমের মতো সমাজবিজ্ঞানীরা দেখিয়েছেন, ভাগ করে নেওয়া নৈতিক মূল্যবোধ সামাজিক সংহতি ও পারস্পরিক আস্থার ভিত্তি তৈরি করে, যা ছাড়া কোনো সমাজ কার্যকরভাবে টিকতে পারে না।

