মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ সামনে রেখে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর সচিবালয়ে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। এরপর কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করে সকাল সাড়ে ৯টার দিকে স্মারক ডাকটিকিট উন্মোচনের অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ সপ্তাহের বৈঠক একদিন এগিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য দীর্ঘ প্রায় দেড় যুগ পর এবার ভিন্ন প্রেক্ষাপটে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আবারও কুচকাওয়াজসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

