২৫ মার্চের কালরাত স্মরণে এ বছর প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হচ্ছে না। দিনের শুরুতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও পরে তা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রতিবছর ২৫ মার্চের ভয়াবহ রাতটি স্মরণে দেশজুড়ে নির্দিষ্ট সময়ের জন্য আলো নিভিয়ে প্রতীকী অন্ধকার পালন করা হয়। পাশাপাশি অনেকে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত হত্যাযজ্ঞ শুরু করে। সেই নৃশংসতার মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূচনা ঘটে, যা দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়। দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়।
এর আগে গতকাল সকালে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলো এ কর্মসূচির বাইরে রাখার কথা উল্লেখ ছিল। পরে রাতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে কর্মসূচি না পালনের ঘোষণা দেওয়া হয়।

