দেশের সব স্কুল ও কলেজে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন এই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামূলকভাবে চালানোর কথা বলা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদুল ফিতরের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার আগেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারা বছর ধরে এ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শহর ও গ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকি জোরদার করার কথাও বলা হয়েছে।

