জেমকন গ্রুপের পরিচালক যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদের দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আদালতে আবেদন করে কাজী ইনাম আহমেদের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার অনুরোধ জানান।
দুদকের আবেদনে বলা হয়, কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তাঁর নিজ নামে পরিচালিত ১৪টি ব্যাংক হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করা হয়েছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে দুদক জানিয়েছে। তদন্ত সংস্থার আশঙ্কা, আসামি তাঁর নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করে ফেলতে পারেন অথবা দেশত্যাগ করে আত্মগোপনে যেতে পারেন। এ কারণে তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, কাজী ইনামের ক্রোক করা স্থাবর সম্পদ এবং ফ্রিজ করা অস্থাবর সম্পদের দেখভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন করেন দুদকের পরিচালক মো. জাকারিয়া। শুনানি শেষে আদালত সেই আবেদনও মঞ্জুর করেন।

