দেশজুড়ে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের সব কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সারাদেশে তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বার সমিতি থেকে নির্বাচন স্থগিতের জন্য লিখিত আবেদন ও অনুরোধ জানানো হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই পূর্বের ২ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে।
এর আগে ২ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
সেই সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুনসহ কাউন্সিলের বিভিন্ন কমিটির শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

