বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বর্তমান সচিব আব্দুন নাসের খান।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকারি চাকরি আইনের ধারা ৪৯ অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আব্দুন নাসের খানের অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধা আপাতত স্থগিত থাকবে। পাশাপাশি তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে এক বছর। এ সময়ের জন্য তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

