দেশে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও ডিজিটাল করতে সরকার চালু করেছে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ। বৈশ্বিক জ্বালানি সংকট ও বাজারে অস্থিরতার মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এই উদ্যোগ ধাপে ধাপে রাজধানীর বাইরে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
শুরুতে রাজধানীকেন্দ্রিক পাইলট কর্মসূচি হিসেবে চালু হলেও এখন এর পরিসর বাড়িয়ে দেশের আরও ১৯টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
নতুন এই সম্প্রসারণের ফলে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ফুয়েল পাস অ্যাপে নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা ও ঢাকা মহানগরসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা ও মহানগরে—চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগর, বরিশাল ও বরিশাল মহানগর, খুলনা ও খুলনা মহানগর, রাজশাহী ও রাজশাহী মহানগর এবং ময়মনসিংহে অ্যাপটির নিবন্ধন কার্যক্রম চালু করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এতে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

