ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনায় বিচারকার্যে কোনো ধরনের জটিলতা হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এটি প্রধান বিচারপতির একটি ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল আদালত পরিচালনার উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতে, এতে বিচার প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং মামলার নিষ্পত্তিও দ্রুততর হবে।
এর আগে ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন—বুধবার ও বৃহস্পতিবার—ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং হাইকোর্ট বিভাগের প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি সপ্তাহে নির্ধারিত দুই দিনে উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে।

