আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি ড. ফরেস্ট ই. কুকসন আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
১৯৩৪ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ড. কুকসন। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রথম বাংলাদেশে আসেন দেশের আর্থিক খাত সংস্কার কার্যক্রমে অবদান রাখতে। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নব্বইয়ের দশকে আর্থিক খাত সংস্কার কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর পরামর্শক হিসেবে কাজ দেশের অর্থনৈতিক কাঠামোতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
বাংলাদেশের প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি জীবনের বড় একটি অংশ এ দেশে কাটান। নীতিগত সংস্কার ও আর্থিক খাত উন্নয়নের বিভিন্ন উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি অ্যামচেম বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অ্যামচেমের সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সংগঠনের প্রকাশনায় নিয়মিত লেখালেখি করতেন। জীবনের শেষ পর্যায়েও দেশের আর্থিক খাত ও বিনিয়োগ পরিবেশ নিয়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন মাধ্যমে লেখার মাধ্যমে জনমত গঠনে সক্রিয় ছিলেন।
ড. ফরেস্ট ই. কুকসনের দীর্ঘ অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে অ্যামচেম বাংলাদেশ। সংগঠনটি তাঁর আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছে।

