সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ধান, চাল ও গম সংগ্রহের নতুন মূল্য নির্ধারণ করেছে। আগামী ৩ মে থেকে সারা দেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আর চাল সংগ্রহ অভিযান শুরু হবে ১৫ মে থেকে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
আজ বুধবার (২২ এপ্রিল) তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে ধান, চাল ও গম সংগ্রহ করা হবে। সরকারের লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের কাছ থেকে সরাসরি ফসল সংগ্রহ করে তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।
এ বছর ৫ লাখ মেট্রিক টন বোরো ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এ বছর মোট ২৪ লাখ টন চাল মজুদ করার লক্ষ্য রয়েছে। বর্তমানে সরকারের কাছে প্রায় ১৮ লাখ টন চাল মজুদ রয়েছে বলে জানানো হয়।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে এই সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মতে, এ উদ্যোগ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
তিনি আরও জানান, দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে মাত্র ৮ লাখ টন দেশীয় উৎপাদন হয়। বাকি ৭২ লাখ টন গম ওপেন টেন্ডার ও জিটুজি পদ্ধতিতে আমদানি করা হবে।

