বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া সব সার ডিলারের ডিলারশিপ বাতিল করেছে বর্তমান সরকার। কৃষকদের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যেই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া অনেক ডিলার নানা অনিয়মে জড়িয়ে পড়েছিলেন। তাদের বিরুদ্ধে সার আত্মসাতের অভিযোগ রয়েছে, যার ফলে প্রান্তিক কৃষকরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছিলেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে এবং কৃষকদের সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, কৃষি খাতের উৎপাদন অব্যাহত রাখতে এবং মাঠপর্যায়ে সংকট দূর করতে নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। সরকার চায়, কোনো কৃষক যেন সারের অভাবে ক্ষতিগ্রস্ত না হন।
সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে সংসদে একটি ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হবে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এই কমিটি কাজ করবে।
চিফ হুইপ জানান, জ্বালানি সংকট নিরসনে বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বক্তব্য রাখেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে এই সংকট মোকাবিলা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

