দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় জাতীয় সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে ১৯৭৩ সালের বিদ্যমান বিধান অনুযায়ী এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এবং সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে এই প্রস্তাব উপস্থাপন করা হলে তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
একই বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঘিরে বড় প্রশাসনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্তও নেওয়া হয়। এর ফলে পূর্বাচল এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাব অনুমোদন পায়।
এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকল্পের কিছু অংশ প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও অনুমোদিত হয়।
মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ বাতিল করা হয়েছে।
আগে এসব পদে বয়সসীমা ছিল যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর। নতুন সংশোধনের মাধ্যমে এই বাধা তুলে দেওয়া হলো। সিদ্ধান্তে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশের অভিজ্ঞতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এছাড়া আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় চা দিবস পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ৪ জুন জাতীয় চা দিবস পালিত হলেও এখন থেকে এটি প্রতি বছর ২১ মে উদযাপিত হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সময়সূচির সঙ্গে মিল রেখে এবং ভারত, চীন ও শ্রীলঙ্কার মতো চা উৎপাদনকারী দেশের প্রথা অনুসরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

