দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, খুব শিগগিরই স্মার্টফোনের দাম কমিয়ে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর এক সেমিনারে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এই তথ্য জানান। তিনি বলেন, এখনো দেশের প্রায় অর্ধেক মানুষের কাছে স্মার্টফোন নেই, যা ডিজিটাল অগ্রগতির পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।
তার ভাষায়, বর্তমানে যেখানে একটি ফিচার ফোন ৯০০ থেকে ১ হাজার টাকায় পাওয়া যায়, সেখানে সবচেয়ে সস্তা স্মার্টফোনের দাম প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা। এই ব্যবধান কমিয়ে আনার জন্যই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ও মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে। লক্ষ্য হচ্ছে এমন একটি মূল্য নির্ধারণ করা, যাতে স্বল্প আয়ের মানুষ—যেমন কৃষক, দিনমজুর বা রিকশাচালকরাও সহজে স্মার্টফোন কিনতে পারেন।
নীতিনির্ধারকদের মতে, সাশ্রয়ী দামে স্মার্টফোন নিশ্চিত করা গেলে ডিজিটাল সেবা, অনলাইন শিক্ষা, মোবাইল ব্যাংকিংসহ নানা সুবিধা দেশের প্রত্যন্ত এলাকাতেও দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
সিভি/কেএইচ

