জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
আজ রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে ২০২৫–২৬ অর্থবছরের ১০তম একনেক সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।
১৭ প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন:
জোনায়েদ সাকি বলেন, এবারের সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান। কয়েকটি প্রকল্প নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও মন্তব্যও এসেছে।
তিনি আরও বলেন, পূর্বের একটি সিদ্ধান্ত অনুযায়ী চলমান এবং আগের প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক প্রকল্প এমন পর্যায়ে রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ী হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে কোন খাতে কী ব্যয় হচ্ছে, তার যৌক্তিকতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়নে কতটা কার্যকর, সরকারের ঘোষিত পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—এসব বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

