রাজশাহীর দুর্গাপুরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দাওকান্দি ডিগ্রি কলেজের প্রদর্শক (শিক্ষিকা) আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল।
আজ রবিবার দুপুরে কলেজে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান।
তিনি জানান, কলেজটি জাতীয়করণ হলেও আলেয়া খাতুন হীরা এখনো এমপিওভুক্ত কাঠামোর অধীনেই কর্মরত ছিলেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শিক্ষিকা আলেয়া খাতুন হীরা বিএনপির এক কর্মীকে থাপ্পড় মারছেন। অন্যদিকে ওই বিএনপি কর্মীকেও তাঁকে জুতাপেটা করতে দেখা যায়।
ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়।
এদিকে শনিবার এক সংবাদ সম্মেলনে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেন কয়েকজন বিএনপি নেতা।

