মোটরসাইকেলের পর এবার ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারেও জ্বালানি তেল নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হচ্ছে। আজ রবিবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, জ্বালানি বিতরণ ব্যবস্থাকে ডিজিটাল ও নিয়ন্ত্রিত করার অংশ হিসেবে ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। এর অংশ হিসেবে একই দিন থেকে ব্যক্তিগত গাড়িগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের প্রাইভেট কারগুলোকে ফুয়েল পাস রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরবর্তী ধাপে অন্যান্য সিরিজের গাড়িগুলোকেও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এছাড়া শিগগিরই ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যকর করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল গাড়ি মালিককে ফুয়েল পাস অ্যাপে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
রেজিস্ট্রেশনের নিয়ম:
ফুয়েল পাস ব্যবহারের জন্য প্রথমে মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে অথবা ওয়েব লিংকে প্রবেশ করতে হবে। এরপর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, উৎপাদন সাল এবং একটি মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আইফোন বা আইওএস ব্যবহারকারীরা ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

