রাজধানীতে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, নিপীড়িত ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকার অঙ্গীকারবদ্ধ।
আজ সোমবার রাজধানীর বনানীতে এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, কেউ যদি লিগ্যাল এইড সেবা থেকে বঞ্চিত হন, তাহলে বিষয়টি আইন মন্ত্রণালয়কে জানাতে হবে। আদালতে যাওয়ার আগে যেকোনো বিরোধের ক্ষেত্রে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করা উচিত বলেও তিনি মত দেন।
তিনি আরও বলেন, যৌন নির্যাতনের শিকার অনেকেই নানা কারণে আদালতে যেতে পারেন না। এমন পরিস্থিতিতে তারা লিগ্যাল এইডের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন।
মামলা জট কমানোর ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, এই সমস্যা নিরসনেই লিগ্যাল এইড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি চলমান মামলার মধ্যেও যদি কেউ সমঝোতায় আসতে চান, সেই সুযোগও এই ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে বলে জানান তিনি।

