সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প। সোমবার (২৭ এপ্রিল) ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বহুল প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্তির জন্য উপস্থাপিত হয়।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ‘জমি অধিগ্রহণ, মাটি ভরাট, একাডেমিক ভবন একটি, একটি গ্রন্থাগার ভবন, ছেলেদের একটি এবং মেয়েদের একটি আবাসিক হলসহ ভৌত সুবিধা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৬৯ কোটি টাকা। প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।
আলোচনার পর প্রকল্পগুলো এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্পগুলো সবুজ পাতায় অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ২০২৪ সালের ৭ অক্টোবর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর যে স্বপ্নটি প্রতিনিয়ত আমাকে আলো দেখিয়েছে সেটি হচ্ছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাণ ফিরে আসবে, শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়ায় তৈরি হবে দক্ষ, মানবিক ও চিন্তাশীল এক নতুন প্রজন্ম।
তিনি বলেন, ইতোমধ্যে দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া গেছে। হিসাববিজ্ঞান ও আইন বিভাগের অধীনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গুচ্ছর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সবুজ পাতায় অন্তর্ভুক্ত হওয়ায় সেই স্বপ্নের আরেকটি অধ্যায় রচিত হলো। আশা করছি আগামী অর্থবছরে প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প একনেকে পাশ হবে।

