আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে চাকরিজীবীদের জন্য লম্বা ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও ঐচ্ছিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হতে পারে এবং ২৭ মে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে একদিন পর, অর্থাৎ ২৮ মে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদ উপলক্ষে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে কয়েকটি দিন নির্বাহী আদেশে ছুটি হিসেবে ধরা হয়েছে।
তবে ছুটির সময় আরও বাড়ানোর সুযোগ রয়েছে। কারণ, ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। এর সঙ্গে যদি কেউ ২৪ ও ২৫ মে ঐচ্ছিক বা ব্যক্তিগত ছুটি নিতে পারেন, তাহলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। এ পরিস্থিতিতে অনেকেই আগেভাগে ভ্রমণ, বাড়ি ফেরা বা পারিবারিক আয়োজনের পরিকল্পনা করছেন। দীর্ঘ এই ছুটি ঈদ আনন্দকে আরও বিস্তৃতভাবে উদযাপনের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

