বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওকালতি করার অনুমতির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। প্রকাশিত ফলাফলে ১ হাজার ৩১৩ জন আইনজীবী উত্তীর্ণ হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২৪ অক্টোবর অনুষ্ঠিত হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে এসব আইনজীবী সফল হয়েছেন। তবে সব ফলাফল এখনই চূড়ান্ত হয়নি।
বার কাউন্সিল জানিয়েছে, ৪১৯ জন আইনজীবীর ফলাফল তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া আরও ২৪ জনের ফল পুনর্মূল্যায়ন বা স্ক্রুটিনির প্রক্রিয়ায় রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৩১৩ জন আইনজীবীকে এখন পরবর্তী ধাপে এনরোলমেন্ট কমিটির অধীনে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
ভাইভা পরীক্ষার সময়সূচি, প্রয়োজনীয় নির্দেশনা এবং সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিভি/এম

