দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট (পিআইসিইউ) সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে শয্যা না পেয়ে শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে। চিকিৎসকের পরামর্শে রাজধানীমুখী হওয়ার আগেই অনেক পরিবারকে সন্তানের মৃত্যুসংবাদ শুনতে হচ্ছে।
রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী পিআইসিইউ শয্যা না থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, দেশের বেশিরভাগ জেলা ও বিভাগীয় হাসপাতালে এখনও পর্যাপ্ত পিআইসিইউ সুবিধা নেই। ফলে গুরুতর অসুস্থ শিশুদের ঢাকায় পাঠানো হয়। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতেও সীমিত শয্যার কারণে চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে।
চিকিৎসকদের মতে, হামের জটিলতা বাড়লে অনেক শিশুকে দ্রুত নিবিড় পরিচর্যায় নিতে হয়। সময়মতো এই সেবা না পেলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়। বর্তমান পরিস্থিতিতে পিআইসিইউর অভাব সরাসরি শিশু মৃত্যুর সঙ্গে সম্পর্কিত হয়ে উঠছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট মোকাবিলায় দ্রুত জেলা পর্যায়ে পিআইসিইউ সুবিধা বাড়ানো, চিকিৎসক ও নার্সের প্রশিক্ষণ জোরদার করা এবং জরুরি রেফারেল ব্যবস্থাকে আরও কার্যকর করা জরুরি। তা না হলে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সিভি/কেএইচ

