বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিটিকে অবৈধ ঘোষণা এবং এর সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন। রিট আবেদনে যুব ও ক্রীড়া সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আবেদনকারীদের অভিযোগ, বিদ্যমান আইন ও বিসিবির গঠনতন্ত্র উপেক্ষা করেই এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তাদের দাবি, গত ৭ এপ্রিল এনএসসি যে কমিটি ঘোষণা করে, তা ‘অসাংবিধানিক’ ও আইনবহির্ভূত। গত ৭ এপ্রিল বিসিবির তিন মাস মেয়াদি এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানায়, গত বছর বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে আগের বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে কমিটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট হওয়ায় বিসিবির প্রশাসনিক ভবিষ্যৎ কার্যক্রম এখন নতুন করে আইনি অনিশ্চয়তার মুখে পড়ল।

