বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশের বড় বাজার, দক্ষ জনশক্তি এবং কৌশলগত অবস্থান বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, যা শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে বড় সুযোগ তৈরি করছে। তিনি আরও জানান, সরকার অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস ব্যবস্থার উন্নতি এবং ব্যবসা সহজীকরণে ধারাবাহিকভাবে কাজ করছে, যা বিনিয়োগ পরিবেশকে আরও অনুকূল করছে।
তিনি ডেনমার্কের বিনিয়োগকারীদের নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।
অন্যদিকে, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার বাংলাদেশের নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক এখন উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্যিক অংশীদারিত্বে রূপ নিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক অগ্রগতি।
তিনি আরও বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে এবং ডেনমার্ক এখন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ডেনমার্কের বিভিন্ন কোম্পানি, বিশেষ করে মারস্ক, বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছে।
রাষ্ট্রদূত জানান, ডেনমার্ক বাংলাদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমকে সমর্থন করে। পাশাপাশি তিনি প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়ানো এবং ডেইরি ভ্যালু চেইন উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
সিভি/এম

