বাংলাদেশের বিভিন্ন জেলা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের শীর্ষ আইনজীবী সংগঠন কাউন্সিল অব বারস অ্যান্ড ল সোসাইটিজ অব ইউরোপ।
সংস্থাটি অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে আইন অঙ্গনে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হলে তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির সভাপতি রোমান জাভর্শেক প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে বিভিন্ন বার নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয় এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানানো হয়।
সংস্থাটি জানায়, তারা ইউরোপের ৪৬টি দেশের ১০ লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্ব করে। ফলে বিষয়টি আন্তর্জাতিক আইনজীবী মহলে গুরুত্ব পাচ্ছে। “ইরেগুলারিটিজ ইন সেভারাল ডিস্ট্রিক্ট বার ইলেকশনস” শিরোনামে পাঠানো এই চিঠিটি পরে তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

