দীর্ঘ প্রায় এক দশক ধরে ঝুলে থাকা আলোচিত তনু হত্যা মামলার তদন্তে অবশেষে অগ্রগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও নির্দেশনার কারণে মামলাটির তদন্তে জট খুলতে শুরু করেছে।
আজ শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং তা নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
আইনমন্ত্রী জানান, ঈদের দিন প্রধানমন্ত্রীর কাছ থেকে তনু হত্যা মামলার তদন্ত অগ্রগতি নিয়ে বার্তা আসে। পরে তিনি বিস্তারিতভাবে বিষয়টি অবহিত করেন। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর অভিপ্রায়েই দীর্ঘ ১০ বছর পর মামলাটির তদন্তে গতি এসেছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে এ মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কারণে ঈদের পর প্রথম কর্মদিবসে এ বিষয়ে আবারও বিস্তারিত আলোচনা হয় এবং সর্বশেষ অগ্রগতি জানানো হয়। তিনি বলেন, বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন থাকলেও আইন মন্ত্রণালয়ও সমন্বিতভাবে কাজ করছে।
একই সঙ্গে আইনমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে যেসব কার্যক্রম বাকি ছিল, সেগুলোর অনেকগুলোই এখন দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এসব কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

