নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড)-এ অবস্থিত চশমা ও অপটিক্যাল ফ্রেম উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যাজেন (বিডি) লিমিটেড অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। চীনা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে লিখিত নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ, গ্যাস ও কাঁচামালের বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ক্রয় আদেশ (অর্ডার) কমে যাওয়ায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে তারা ‘লে-অফ’ ঘোষণা করতে বাধ্য হয়েছে। কারখানার পরিচালক (অপারেশন) এরেন লি স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কাঁচামাল সরবরাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বায়ারদের অর্ডার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯-এর ১৫ ধারা অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
নোটিশে আরও বলা হয়েছে, এই সময়ে কোনো শ্রমিক বা কর্মচারীকে কারখানায় উপস্থিত হতে হবে না। তবে শ্রমিকরা আইন অনুযায়ী তাদের প্রাপ্য বেতন-ভাতা পাবেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ মে থেকে ১৪ মে’র মধ্যে সকল শ্রমিক ও কর্মকর্তার বোনাস নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, কাঁচামালের সংকট ও অর্ডার কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি স্থায়ী নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন অর্ডার পাওয়া গেলে কারখানাটি পুনরায় চালু হবে।
উল্লেখ্য, ম্যাজেন (বিডি) লিমিটেডে বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪ হাজার ৩৬১ জন শ্রমিক ও কর্মকর্তা কর্মরত আছেন। পাশাপাশি কারিগরি ও প্রশাসনিক কাজে আরও ৯৬ জন চীনা নাগরিক দায়িত্ব পালন করছেন।

