মে মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে চলতি মাসেও সিলিন্ডারটি এক হাজার ৯৪০ টাকায় বিক্রি হবে।
আজ রবিবার (৩ মে) এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি জানায়, মে মাসে ১২ কেজি এলপিজির দাম আগের নির্ধারিত এক হাজার ৯৪০ টাকাই বহাল থাকবে।
এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল প্রথম দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭২৮ টাকা। এরপর ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ২১২ টাকা বাড়িয়ে দাম দাঁড়ায় এক হাজার ৯৪০ টাকায়।
অন্যদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে মূসকসহ নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা।
এর আগের মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় সমন্বয় করা হয়। ২ এপ্রিল প্রথম দফায় ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৭৯ টাকা ৭৭ পয়সা। পরে ১৯ এপ্রিল আবার ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বিইআরসি। ফলে মে মাসে এলপিজির দাম স্থির থাকলেও অটোগ্যাসে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

