সরকারি ব্যয় কমাতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফরে বিমানে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির বদলে ইকোনমি ক্লাসেই ভ্রমণ করতে হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত সব প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশনার আওতায় থাকবেন।
এর আগে সরকারি কাজে বিদেশ সফরের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য উন্নত শ্রেণিতে ভ্রমণসহ বিভিন্ন আর্থিক সুবিধা চালু ছিল। ২০১২ সালের একটি অফিস স্মারকে এ সংক্রান্ত সুযোগ-সুবিধার বিধান উল্লেখ ছিল। নতুন নির্দেশনায় সেই ব্যবস্থায় পরিবর্তন এনে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রা ব্যয় কমানো এবং সরকারি খরচ নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি ব্যয় সংযমে এমন উদ্যোগ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

