দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও সংকটের কোনো সম্ভাবনা নেই। তার ভাষায়, “তেলের কোনো সংকট কখনো হয়নি, এখনও হবে না, ভবিষ্যতেও হবে না। পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে প্রয়োজনীয় তেল ক্রয় করছি।” বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে দেশে কোথাও কোনো লোডশেডিং নেই। তবে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে তা মূলত লাইনজনিত ত্রুটির কারণে হয়ে থাকে।
গ্রামীণ বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলেও নিয়মিত লোডশেডিং নেই। তবে পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা দ্রুত শনাক্ত করতে সময় লাগে। এই কারণে সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ থাকতে পারে। ত্রুটি সমাধানের পরপরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায় বলেও তিনি জানান।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে যে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, সংশ্লিষ্টদের সহযোগিতায় তা সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

