র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি নতুন যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব যানবাহনের মধ্যে থাকবে ৩টি জিপ, ১০০টি পেট্রোল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস। পুরো ক্রয় প্রক্রিয়াটি করা হবে দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে। এতে ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি টাকার বেশি।
আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন র্যাবের “র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫–২৬ অর্থবছরে মোট ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার যানবাহন কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। পর্যালোচনার পর মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।
প্রকল্প অনুযায়ী, এসব যানবাহন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছিল। জানা গেছে, ৫ এপ্রিল অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ থাকলেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও র্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন বিবেচনায় বিশেষভাবে এ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে অনুমোদন পায়। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য বরাদ্দ রয়েছে ১৬০ কোটি টাকা।

