হাওড় অঞ্চলে টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সভায় হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, যারা সত্যিকার অর্থে ক্ষতির মুখে পড়েছেন তাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম ছাড়া তালিকা প্রস্তুত করতে হবে। সেই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার ক্ষতি কমাতে ধান রোপণ ও ফসল সংগ্রহের সময়সূচি কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার তিন মাসের সহায়তা কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া হাওড় অঞ্চলের বিভিন্ন সংসদ সদস্যও সভায় অংশ নেন।

