রাষ্ট্রায়ত্ত কারখানা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা অনেকটাই কল্পিত ভয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকার নতুন করে কোনো মিল বা কারখানা স্থাপন কিংবা পরিচালনার পরিকল্পনা করছে না। ব্যবসার দায়িত্ব সম্পূর্ণভাবে বেসরকারি খাতের হাতেই রাখতে চায় সরকার।
আজ রাজধানীর ফার্মগেটে পাট বহুমুখীকরণ ও উন্নয়ন কেন্দ্রে আয়োজিত ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: বস্ত্র শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নিজে ব্যবসা পরিচালনা করতে চায় না। বরং বেসরকারি খাতকে শক্তিশালী করার মধ্য দিয়েই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে চায়। ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করাই সরকারের মূল দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রায়ত্ত মিল নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে সরকারি মালিকানায় কোনো মিল-কারখানা চালুর পরিকল্পনা নেই। এ ধরনের আশঙ্কার কোনো ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।
বস্ত্রশিক্ষা ও শিক্ষা কাঠামো নিয়ে বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জানান, নতুন করে কোনো বস্ত্র কলেজ বা বস্ত্র ইনস্টিটিউট স্থাপন করা হবে না। বর্তমানে বিদ্যমান বস্ত্র প্রকৌশল কলেজ ও ইনস্টিটিউটগুলোকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম হালনাগাদ করতে বেসরকারি খাতকে যুক্ত করা হবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসহ সক্ষম বেসরকারি মিলগুলোকে একেকটি কলেজের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। তার মতে, সফল কয়েকটি মিল যদি একটি কলেজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেখানে শিক্ষক, আধুনিক প্রযুক্তি এবং মানসম্মত শিক্ষার ঘাটতি থাকবে না। এতে শিক্ষার মান যেমন বাড়বে, তেমনি জবাবদিহিতাও নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন বস্ত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

