সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে উচ্চ আদালতের কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
আজ রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এক শোকবার্তায় এ সিদ্ধান্তের কথা জানান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। এদিন দুপুর পৌনে ২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইউসুফ হোসেন হুমায়ুন মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
ইউসুফ হোসেন হুমায়ুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আইন অঙ্গনে তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০১৬–২০১৭) এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

