সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আসন্ন বাজেট নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে মাথায় রেখেই নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে।
আজ বুধবার (৩ জুন) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাজেট হবে ইতিবাচক। দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে এটি তৈরি করা হচ্ছে। তিনি জানান, বর্তমান অর্থনীতি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এমন পরিস্থিতিতেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবুও সবাইকে অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ বাজেট তৈরির চেষ্টা চলছে।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সরকারকে বড় ধরনের ঋণের চাপ মোকাবিলা করতে হচ্ছে। অতীত সরকারের পরিস্থিতির কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি আশা প্রকাশ করেন, এটি একটি নতুন শুরু হতে পারে এবং সময় দিলে পরিস্থিতির উন্নতি ঘটবে।
তিনি আরও বলেন, বাজেট প্রণয়নে লক্ষ্য রাখা হয়েছে যাতে অর্থনীতির সুফল শুধু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যায়। সেই সঙ্গে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাও সরকারের উদ্দেশ্য।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগনির্ভর। অতীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনীতিকে চাপের মধ্যে ফেলা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এর ফলে সুদ পরিশোধেই বাজেটের বড় অংশ চলে যাচ্ছে।
তিনি জানান, ঋণনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে সরে এসে বিনিয়োগনির্ভর কাঠামো গড়ার চেষ্টা চলছে। পাশাপাশি পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়নমূলক খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিকে জনগণের স্বার্থে টেকসইভাবে গড়ে তোলার চেষ্টা চলছে, যাতে ভবিষ্যতে বড় অর্থনৈতিক লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া সম্ভব হয়। তিনি বলেন, দীর্ঘমেয়াদে অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

