জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদ সদস্যদের প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে কার্যপ্রণালি বিধি সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই জ্ঞান ছাড়া সংসদীয় কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করা সম্ভব নয়।
আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্পিকার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই সংসদ সদস্যদের প্রকৃত জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হয়।
স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক নিয়ম নয়, বরং এটি সংসদ সদস্যদের দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার মতো গুরুত্বপূর্ণ কাজে এর সঠিক জ্ঞান থাকা অপরিহার্য।
তিনি আরও বলেন, সংসদের মূল তিনটি দায়িত্ব হলো আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা। এই দায়িত্বগুলো সংসদ সদস্যদের মাধ্যমেই কার্যকর হয়। সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই নয়, বরং সরকারি ও বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে কার্যপ্রণালি বিধি অনুসরণ করে পরিচালিত হয়, যা জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে দেয়। এই দায়িত্ব পালনের মাধ্যমে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন।

