প্রিপেইড বিদ্যুৎ মিটারের গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসেছে। সরকার প্রিপেইড মিটারের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিএনপির মিডিয়া সেলের প্রকাশিত এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনভোগান্তি কমাতে এবং সাধারণ মানুষের আর্থিক চাপ হ্রাস করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে গত মার্চ মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ তুলে দেওয়া হবে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ সংযোগের ক্ষেত্রে ৪০ টাকা মিটার ভাড়া দিতে হয়। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)ও যুক্ত ছিল। ফলে প্রতি মাসে বিদ্যুৎ ব্যবহার না করলেও নির্দিষ্ট একটি অতিরিক্ত অর্থ গ্রাহকদের পরিশোধ করতে হতো।
দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। অনেকেই অভিযোগ করছিলেন, প্রিপেইড ব্যবস্থায় আগে থেকেই অগ্রিম অর্থ পরিশোধ করার পরও আলাদা মাসিক চার্জ আদায় অযৌক্তিক।
সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে প্রিপেইড মিটার ব্যবহারকারী লাখো গ্রাহক সরাসরি আর্থিক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎ খাতে ভোক্তাবান্ধব উদ্যোগ হিসেবে এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

