শিল্প মন্ত্রণালয়ের শীর্ষ প্রশাসনিক পদে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আব্দুন নাসের খানকে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। সরকারি দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আব্দুন নাসের খানের। সর্বশেষ তিনি চুক্তিভিত্তিক নিয়োগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। চলতি বছরের এপ্রিলে তার স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল। তবে অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিভিত্তিকভাবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সেই দায়িত্ব পালনকালে এবার তাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে আনা হলো। নতুন এই নিয়োগের মাধ্যমে দেশের শিল্প খাত-সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন তিনি।

