বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) নিয়োগ পরীক্ষায় আইন বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি কমপক্ষে পাঁচ বছরের ওকালতির বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন।
সংগঠনটি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব উত্থাপন করে। চিঠিতে বলা হয়, বিচার বিভাগে প্রবেশের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা যুক্ত করা হলে নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর ও বাস্তবভিত্তিক হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার সময়ও দুই বছরের আইন পেশার অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোতে অধস্তন জুডিসিয়ারিতে প্রবেশের ক্ষেত্রে আইন পেশার অভিজ্ঞতা নেওয়া হয় বলেও দাবি করা হয়। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম দশ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়। প্রয়োজনে অধস্তন জুডিসিয়ারিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা পুনর্বিবেচনার কথাও উল্লেখ করা হয়।

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন মনে করে, আইন বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি অন্তত পাঁচ বছরের বাস্তব আইন পেশার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হলে নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা ও বাস্তব জ্ঞানসম্পন্ন প্রার্থী নির্বাচন সম্ভব হবে।
চিঠিতে আরও অনুরোধ জানানো হয়, এ প্রস্তাব বিবেচনা করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সিভিল জজ পদে নিয়োগ পরীক্ষায় প্রয়োজনীয় সংশোধন আনার ব্যবস্থা গ্রহণ করা হোক। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আলহাজ মো. আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।

