দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে তিনি ‘অনাকাঙ্ক্ষিত’ বলেও উল্লেখ করেন।
এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই তাকে তলব করা হয়েছে। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হতে পারে।
এর আগে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লিতে একটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে ভারত সফরে যান ডা. জাহেদ উর রহমান। তবে ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতার কারণে তিনি দিল্লিতে প্রবেশ করতে পারেননি।
ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

