চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ ছয় টুকরো করার ঘটনায় দায়ের করা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার একই আদালতে এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় মোট ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থানার নয়ারহাট এলাকায় ঘরের পাশের মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়াত।
তদন্তে পরে বেরিয়ে আসে, প্রতিবেশী আবীর আলী শিশুটিকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করেন। তবে কোথাও লুকিয়ে রাখার জায়গা না পেয়ে তিনি শ্বাসরোধে হত্যা করেন আয়াতকে। এরপর মরদেহ ছয় টুকরো করে সাগরে ফেলে দেন বলে তদন্তে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেটের একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করা হয়। এর পরদিন সেখান থেকেই খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলায় আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

