বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-রিকুইজিশনে ভুল তথ্য প্রদান ও নির্ধারিত সময়ে তথ্য যাচাই না করায় দেশের ২৩৭টি বেসরকারি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার জারি করা অফিস আদেশে বলা হয়, শূন্য পদের চাহিদাপত্রে ভুল তথ্য দেওয়ার কারণে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রার্থীরা ভুল পদে নিয়োগ পেয়ে এমপিওভুক্তির সমস্যায় পড়ছেন।
মাউশির তথ্য অনুযায়ী, ৯টি শিক্ষা অঞ্চলের ২ হাজার ৩৩৭টি কলেজের শূন্যপদ যাচাই করা হয়। এর মধ্যে ২ হাজার ১০০টি পদ সঠিক পাওয়া গেলেও ২৩৭টি পদে ভুল তথ্য শনাক্ত হয়।
সবচেয়ে বেশি ভুল তথ্য এসেছে চট্টগ্রাম অঞ্চলের কলেজগুলো থেকে। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলেও বিভিন্ন মাত্রায় অনিয়ম পাওয়া গেছে।
মাউশি আরও জানিয়েছে, কেন সংশ্লিষ্ট অধ্যক্ষদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে না—সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

