স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে তিনি জানান।
আজ বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধী দলের সদস্য মো. আব্দুল বাতেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে বিট পুলিশিং, সম্প্রদায়ভিত্তিক পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক পরামর্শ কার্যক্রম, বিশেষ অভিযান এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা ও সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর গ্যাং যাতে ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক এবং সমাজের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্ত এবং কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

