প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শুরু হওয়া এই সফরের পর তিনি সরাসরি চীন সফরে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য, শ্রমবাজারে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, আঞ্চলিক সংযোগ ও উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।
চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘সামার দাভোস’ ফোরামেও অংশ নেবেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি নিয়ে মতবিনিময় করবেন।
সরকারের মতে, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

